বগুড়ার সোনাতলা উপজেলার
বাঙ্গালী নদীতে ডুবে আইনুল ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
উপজেলার সোনাকানিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে আইনুল বয়ড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি
পরীক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল
শনিবার দুপুর ১টার দিকে আইনুল ইসলাম বাঙ্গালী নদীতে গোসল করতে নামে। এরপর সে আর উঠে আসেনি। এ সময় তার আত্মীয়স্বজন ও
গ্রামবাসী দীর্ঘ প্রায় ৬-৭ ঘণ্টা নদীতে খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেনি। পরে সোনাতলা
থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়।কিন্তু খুঁজে পাওয়া যায়নি
আইনুলকে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ ২২
ঘন্টার চেষ্টায় আজ রোববার সকালে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয় তারা।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, কিশোরের
মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।