পঞ্চগড়ে গত তিন দিন ধরে ১০ ডিগ্রির ঘরে বিরাজ করছে সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশা নেই তবে কনকনে ঠাণ্ডায় কাবু এ জেলার মানুষ। গরম কাপড় ছাড়া ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। মঙ্গলবার সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
গত তিনদিন ধরে শীতের প্রকোপ বাড়ায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে সকালে জীবিকার তাগিদে বের হওয়া ইজিবাইক চালক, পাথর ও বালু শ্রমিকরা পড়েছেন দুর্ভোগে। তবে সূর্য দেখা দেয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডা কমে গিয়ে স্বস্তি পেয়েছে মানুষ।
কুয়াশা না থাকলেও আজ কনকনে ঠাণ্ডা পঞ্চগড়ে। ছবি- বণিক বার্তা
গতকাল সন্ধ্যা থেকে কুয়াশার সঙ্গে শীত বেড়েছে। মঙ্গলবার সকাল থেকে সুর্যের আলো দেখা দেয়ায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। সকালে ধাক্কামারা এলাকার ইজিবাইক চালক জয়নউদ্দিন বলেন, আজকে কুয়াশা নেই কিন্ত কনকনে ঠাণ্ডা বিরাজ করছে। জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ডিসেম্বরের বাকি দিনগুলোয় তাপমাত্রা কমে গিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
এদিকে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান জানান, শীত মোকাবেলায় প্রস্তুতি নেয়া আছে। এরইমধ্যে ৩০ লাখ টাকার শীতবস্ত্র পাঁচ উপজেলায় বিতরণ করা হয়েছে।