পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় অবদান রাখায় ‘ব্র্যাক ব্যাংক–তরুপল্লব দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪ ও বৃক্ষসখা সম্মাননা’ পেয়েছেন রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পদক ও সম্মাননা অনুষ্ঠানে সবুজ চাকমার হাতে এ পুরস্কার তুলে দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সবুজ চাকমা পার্বত্য চট্টগ্রামের পরিবেশ-প্রকৃতিবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বায়োডাইভার্সিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটি’-এর অন্যতম সংগঠক এবং ‘প্লানটেশন ফর নেচার’-এর প্রতিষ্ঠাতা। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে পাহাড়ের বন্যপ্রাণীর ছবি তুলছেন।
প্রকৃতি রক্ষার দায়বদ্ধতা থেকে তিনি গড়ে তুলেছেন অলাভজনক প্রতিষ্ঠান ‘প্লানটেশন ফর নেচার’। এর মাধ্যমে এ পর্যন্ত তিনি ৮৭ হাজার ৫৬০টি পাখিবান্ধব চারা বিতরণ ও রোপণ করেছেন। এছাড়া খাগড়াছড়ি সড়ক বিভাগে কর্মরত অবস্থায় সড়কের দু’পাশে প্রায় চার হাজার পাখিবান্ধব জ্যাকারান্ডা গাছের চারা রোপণ করেন।