ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২জন। হতাহতরা সবাই বাসযাত্রী।
বুধবার (১৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে দুর্ঘনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে সামনের একটি ট্রাককে অতিক্রমের চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি আরেকটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। সেখান থেকে আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষণা করে।
এ বিষয়ে বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, নিহত ওই তিন বাস যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।