দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে বোরো ধান কাটা ও মাড়াই। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে দেশীয় নতুন চাল। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ৩-৪ টাকা করে কমেছে। পুরোদমে নতুন চাল আসতে শুরু করলে দাম আরো কমতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।
হিলি বাজারে চালের দোকানগুলো ঘুরে দেখা গেছে, সব দোকানেই পর্যাপ্ত চাল রয়েছে। পুরনো চালের পাশাপাশি নতুন চালও দেখা গেছে দোকানগুলোয়। সরবরাহ বাড়ায় দামও কমতির দিকে। শম্পা কাটারি জাতের চাল এক সপ্তাহ আগে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। সেই চাল এখন ৬৬-৬৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া স্বর্ণা জাতের চাল ৫৪ থেকে কমে সাড়ে ৫২-৫৩ টাকা বিক্রি হচ্ছে। সরু চাল ৬৮ থেকে কমে ৬৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চাল বিক্রেতা অনুপ বসাক বলেন, ‘আমদানি বন্ধের খবরে হঠাৎ করেই দেশের বাজারে চালের দাম কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। আমদানিকারকরাও আমদানি বন্ধের কারণে দাম কিছুটা বাড়িয়ে বিক্রি করছিলেন। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। বিক্রেতারা কী দামে পণ্য কিনছেন আবার কী দামে বিক্রি করছেন সেটি যাচাই-বাছাই করা হচ্ছে।’