পাটুরিয়া-আরিচাঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়, পারাপারে বাড়ছে ভোগান্তি

যাত্রীর তুলনায় লঞ্চ ও ফেরির সংখ্যা কম হওয়ায় পারাপারে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষায় থাকতে হচ্ছে। অতিরিক্ত চাপের সুযোগে সড়ক পরিবহন ও লঞ্চে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

ভোট দিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় যাত্রার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচাঘাটে যাত্রীদের চাপ বেড়েছে। ভোর থেকেই অতিরিক্ত যাত্রীর চাপে ফেরি ও লঞ্চ পারাপারে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। নদী পার হতে ঘাট এলাকায় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকেই দূরপাল্লার ও স্থানীয় বাসে করে যাত্রীরা পাটুরিয়া ও আরিচাঘাটে জড়ো হতে শুরু করেন। সরাসরি ফেরি পারাপারের যাত্রীরা কিছুটা স্বস্তিতে পার হতে পারলেও বিড়ম্বনায় পড়ছেন কাটা সার্ভিসের যাত্রীরা। যাত্রীর তুলনায় লঞ্চের সংখ্যা কম হওয়ায় পারাপারে ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষায় থাকতে হচ্ছে।

যাত্রীদের অভিযোগ পরিস্থিতির সুযোগ নিয়ে সড়ক পরিবহন ও লঞ্চে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। কুষ্টিয়াগামী যাত্রী সবুজ আহমেদ জানান, ভোট দিতে বাড়ি ফেরার উদ্দেশে ঢাকার গাবতলী থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে সকাল ১০টার দিকে পাটুরিয়াঘাটে পৌঁছান। তবে লঞ্চ কাউন্টারে টিকিট সংগ্রহের ভিড়ের কারণে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পার হতে পারেননি। একই ধরনের ভোগান্তিতে পড়ছেন নারী ও বয়স্ক যাত্রীরাও।

লঞ্চ কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে মোট ৩২টি লঞ্চ থাকলেও বর্তমানে চলাচল করছে ২২টি। হঠাৎ করে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় পারাপার স্বাভাবিক রাখতে বেগ পেতে হচ্ছে।

এদিকে বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানান, আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তাদের ১৬টি ফেরি রয়েছে। অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে বহরে আরো দুটি ফেরি যুক্ত করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে।

আরও