কুমিল্লায় শরীফ উদ্দিন খান (৪৫) নামে পল্লীবিদ্যুতের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। শরীফ উদ্দিন খান সিরাজগঞ্জ জেলা সদরের মধ্য ভদ্রঘাট এলাকার স্কুলশিক্ষক সাইফ উদ্দিন খানের ছেলে। তিনি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অধীন বরুড়ার আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ উদ্দিন খান পল্লী বিদ্যুৎ সমিতি আড্ডা অভিযোগ কেন্দ্রের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো গত বুধবার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত জানালার রড ভেঙে ওই ঘরে প্রবেশ করে শরীফ উদ্দিন খানকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় পরিবারের সদস্যরা চিত্কার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।