বাংলাদেশ
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)
শিক্ষার্থী আবরার ফাহাদ
হত্যা মামলার পলাতক আসামি মোর্শেদ অমর্ত্য ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে
কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে মোর্শেদ আইনজীবী অ্যাডভোকেট ইমরুল
ইসলামের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানিতে এ
আইনজীবী দাবি করেন, আসামি মোর্শেদ অমত্য ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ
জেলায়। এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ,
ঘটনার আগের দিন অর্থাৎ
২০১৯ সালের ৫ অক্টোবর হত্যার পরিকল্পনার মিটিংয়ে উপস্থিত থাকা। কিন্তু আসামি মোর্শেদ
অমত্য ঘটনার আগে ওই বছর ২৯ সেপ্টেম্বর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে যান। সেখানে
৩০ সেপ্টেম্বর তিনি একটি দলিলের সাক্ষী হন। এরপর ৩ অক্টোবর সেখানে পাসপোর্ট অফিসে
পাসপোর্ট করার জন্য আবেদনপত্র জমা দেন এবং ৪ অক্টোবর একটি সংগঠন তাকে সংবর্ধনা
দেয়। এরপর ৬ অক্টোবর সকালের ট্রেনে ঢাকায় এসে বিকালে বুয়েটের হলে পৌঁছান। সে
হিসাবে ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর সকাল পর্যন্ত তার অবস্থান ছিল
চাঁপাইনবাবগঞ্জ। তাই ৫ অক্টোবর বুয়েটে হত্যার পরিকল্পনার মিটিংয়ে তার উপস্থিতির
বক্তব্য সত্য নয়। তাই হত্যা ও হত্যার পরিকল্পনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
তাই তিনি জামিন পেতে পারেন।