ফেনীর নুসরাত হত্যা মামলার আপিলের রায় সোমবার

ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার আপিল, জেল আপিল ও ডেথ রেফারেন্সের রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে। এদিন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির আপিল ও জেল আপিলের পাশাপাশি নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য করা ডেথ রেফারেন্সের ওপর রায় দেবেন হাইকোর্ট।

এর আগে শুনানি শেষে বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য সোমবার দিন ধার্য করেন। এ রায়কে ঘিরে নুসরাতের সোনাগাজী পৌর শহরের বাড়িতে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাশিম জানান, তিনি নুসরাতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। পরিবারের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে।

মামলার বাদী ও নুসরাতের বড় ভাই মাহমুদ হাসান নোমান বলেন, উচ্চ আদালতের রায়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে একটি মহল তাদের হেয় করার চেষ্টা করছে। তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

২০১৯ সালের ৬ এপ্রিল শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার না করায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গুরুতর দগ্ধ নুসরাত ৯ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হত্যাকাণ্ডের সাত মাসের মাথায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ মামলার রায় ঘোষণা করেন। রায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত আসামিরা সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

আরও