টাঙ্গাইল

অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনি ও রোববার সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেয়া হয়। অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এ সময় তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় সদর উপজেলার কাগমারী এলাকায় জনতা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, আশেকপুর এলাকার মেসার্স আলী ইলেকট্রনিকসকে ১৫ হাজার টাকা, করটিয়া ইউনিয়নের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, জামান ট্রেডার্সকে ৫০ হাজার ও আসমা ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে জানিয়ে টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও