কুমিল্লার দাউদকান্দির হাসানপুরে ট্রাক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে নিহতদের দাফন-কাফনের জন্য ২৫ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে প্রত্যেকের পরিবারকে দেয়া হবে।
গতকাল দিবাগত রাত ৩টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাত জন মারা যান এবং আহত হন আরো ছয়জন।
নিহতদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহতরা সবাই দিনমজুর হিসেবে কাজ করতেন। তারা কম ভাড়ায় ট্রাকে করে কাজের সন্ধানে চট্টগ্রামে যাচ্ছিলেন।