সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী উৎমাছড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিজিবি, প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গঠিত দল অভিযান চালিয়ে এ পাথর জব্দ করে।
বিজিবি জানিয়েছে, কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী উৎমাছড়া এলাকায় অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ পাথর মজুদ করা হয়েছে এমন তথ্য ছিল। এর ভিত্তিতে সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে বিজিবি, প্রশাসন ও পুলিশ সীমান্তবর্তী আদর্শগ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে প্রায় ২ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
লে. কর্নেল মো. নাজমুল হক জানান, গত কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু চক্র উৎমাছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে আসছে। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও টহল তৎপরতার কারণে মজুদকারীরা এসব পাথর পাচার করতে ব্যর্থ হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলমান রয়েছে।