সুন্দরবনের দুবলারচরে পুণ্যার্থীদের যাত্রা শুরু

বন বিভাগ জানিয়েছে, এবছর শুধু সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের যাতায়াতের অনুমতি দেয়া হয়েছে। পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সুন্দরবনের দুবলারচরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় ও আধ্যাত্মিক উৎসব রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। এ উপলক্ষ্যে সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে চাঁদপাই ও ঢাংমারী স্টেশন থেকে বন বিভাগের স্কট টিমের সঙ্গে পুণ্যার্থীদের যাত্রা শুরু হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, এবছর শুধু সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের যাতায়াতের অনুমতি দেয়া হয়েছে। পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো ধরনের মেলা আয়োজন করা হবে না। রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান চলবে ৫ নভেম্বর পর্যন্ত। তবে বিভিন্ন কৌশলে যাচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীরাও।

সুন্দরবনের পরিবেশ, বন্যপ্রাণী ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির যৌথ টহল দল বনে মোতায়েন রয়েছে। বিশেষ করে হরিণ শিকার ও অবৈধ প্রবেশ রোধে বনবিভাগ এবার কঠোর অবস্থানে রয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, এবারই প্রথম স্কট সহযোগে যাত্রা শুরু হলো। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হরিণ শিকার রোধ করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এক নির্দেশনায় বন বিভাগ জানিয়েছে, তীর্থযাত্রীদের নৌযানগুলো শুধুমাত্র দিনে চলাচল করতে পরবে। নির্ধারিত চেকপোস্ট ছাড়া কোথাও নোঙর করা যাবে না। প্রতিটি নৌযানে লাইফ জ্যাকেট বা বয়া রাখা বাধ্যতামূলক। তীর্থযাত্রীদের জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে আগাম অনুমতি নিতে হবে। অনুমতিপত্রে নির্ধারিত রুট ও সিলমোহর থাকতে হবে এবং প্রতিটি নৌযানকে আলোরকোল কন্ট্রোল রুমে রিপোর্ট করতে হবে।

আরও