লক্ষীপুরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা দুমড়ে-মুচড়ে গেছে। এতে সিএনজির চালকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন, উপজেলার বটতলী গ্রামের কালামুন্সির ছেলে মো. রনি (সিএনজি চালক), একই গ্রামের ওবায়দুল হক কাঞ্চনের স্ত্রী ফাতেমা বেগম, মো. পারভেজ ও রতনেরখীল গ্রামের ওলি উল্যাহর ছেলে আক্তার হোসেনসহ অন্তত ৬ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পেলে। এসময় সড়কে দাঁড়িয়ে থাকা কয়েকটি সিএনজিকে ধাক্কা দেয় বাসটি। এতে একটি সিএনজি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় গ্রীণ লাইফ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্যামলী সার্ভিসের যাত্রীবাহী বাসটির ব্রেকফেল হওয়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৬ জন গুরুতর আহত হয়। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।