মতবিনিময় সভায় সংসদ সদস্য ডা. কেএম বাবর

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় নেই

ডা. কেএম বাবার বলেছেন, ‘মাদক যদি আমার সন্তানও খায়, কোনো ছাড় নেই। আমার পরিবারের কেউ যদি জড়িত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে। এই মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স অবস্থান নিয়েছি। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই।’

গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কেএম বাবর বলেছেন, ‘আমাদের অঞ্চলে মাদকের ছড়াছড়ি। হাই স্কুলের ছেলেরাও বাবা খাওয়া শুরু করে দিয়েছে। এসব চলবে না। মাদক যদি আমার সন্তানও খায়, কোনো ছাড় নেই। আমার পরিবারের কেউ যদি জড়িত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে। যারা নিয়মিত মাদক সেবন করে, বিক্রি করেন, তাদের বলে দেবেন। এই মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স অবস্থান নিয়েছি। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই।’

আজ রোববার (১৮ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী নেছারউদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক নিয়ে তিনি আরো বলেন, ‘আমি আমার ইউনিয়ন মাঝিগাতি থেকে মাদক নির্মূলের কাজ শুরু করতে চাই। ইতিমধ্যেই মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। আমার ইউনিয়ন থেকে ৪ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে। মাদক সম্পর্কে আপনারা সচেতন হন, আপনার সন্তানকে বাঁচান। মাদক প্রতিরোধে আমি আপনাদের সঙ্গে আছি। আমি আপনাদের সঙ্গে থাকলে কেউ কিছু করতে পারবে না। সে যে পরিবারের সন্তান হোক, যে বংশের সন্তান হোক, ভয় পাওয়ার কিছু নেই।’

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক উত্তম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ সমাজসেবক কাজী আবুল হোসেন, মাঝিগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকসুদ আলী খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. কামাল হোসেন খান ও প্রাক্তন ছাত্র মো. মহব্বত আলী খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসাদ কুমার মৃধা ।

সংসদ সদস্য বলেন, ‘এ বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। এটি আমার বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে যা যা করা দরকার, আমি তা করব। এছাড়া অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর সমন্বয়ে বিদ্যালয়টিকে জেলার মধ্যে অন্যতম বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’

এর আগে বিদ্যালয়ে পৌঁছলে শিক্ষক মন্ডলী ও এলাকাবাসীর পক্ষ থেকে এমপি ডা. কেএম বাবারকে স্বাগত জানানো হয়। ফুলের পাঁপড়ি ছিটিয়ে শ্লোগানে-শ্লোগানে শিক্ষার্থীরা তাকে বরণ করে নেন। এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল-ক্রেস্ট দিয়ে সংসদ সদস্যকে সম্মাননা জানান।

আরও