অর্থাৎ এপ্রিলের মাঝামাঝির আগেই ধান কাটতে পারলে ক্ষতির বড় অংশ এড়ানো সম্ভব। এ পরিস্থিতিতে স্বল্পমেয়াদি ধানের জাত নিয়ে কার্যকর পথ দেখাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। গতকাল সংবাদ সম্মেলনে হাওরাঞ্চলে স্বল্পমেয়াদি জাতের বোরো ধান চাষের গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান গবেষক ও ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান প্রামাণিক। বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহযোগী গবেষক অধ্যাপক ইসরাত জাহান (শেলী), ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক ও গবেষণাকাজের সঙ্গে সংশ্লিষ্ট স্নাতকোত্তরের শিক্ষার্থীরা।
হাবিবুর রহমান প্রামাণিক জানান, দীর্ঘমেয়াদি ধান যখন সবুজ, তখন স্বল্পমেয়াদি জাত ব্রি ধান ১১৩, ব্রি ধান ৮৮, ব্রি ধান ১০১, ব্রি ধান ১০৫ সোনালি হয়ে কাটার উপযোগী। অন্যদিকে ব্রি ধান ৮৮, ব্রি ধান ১০১, ব্রি ধান ১১৩, ব্রি ধান ১০৫—এসব জাতের জীবৎকাল ১৪০-১৪৫ দিনের মতো। অর্থাৎ চাষের সময় কমছে ১৫-২০ দিন।