জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটকে পাথর শ্রমিকদের বিক্ষোভ

বিক্ষোভকারীরা জানান, সিলেট ও জাফলংয়ের পাথর কোয়ারির ইজারা স্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্তের বিরোধিতা করতেই তারা এ কর্মসূচি পালন করেন।

সিলেটের জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে পাথর উত্তোলন বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। উপদেষ্টা দুজন হলেন—বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ শনিবার (১৪ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে জাফলং বাজার এলাকায় কিছু পাথর শ্রমিক ও স্থানীয় সিন্ডিকেট সদস্যরা উপদেষ্টাদের গাড়িবহর আটকান। এ সময় তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন ও কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন। এতে উপদেষ্টাদের গাড়িবহর কিছু সময়ের জন্য আটকে থাকে।

বিক্ষোভকারীরা জানান, সিলেট ও জাফলংয়ের পাথর কোয়ারির ইজারা স্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্তের বিরোধিতা করতেই তারা এ কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, হঠাৎ করেই স্থানীয় কিছু মানুষ উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের সরিয়ে দেয় ও রাস্তা খালি করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্টহাউজে পৌঁছান।

এর আগে জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সিলেটের আছে নান্দনিক ও প্রাকৃতিক আবেদন। আমরা এসব এলাকায় আর পাথর উত্তোলনের জন্য কোনো ইজারা দেব না। জাফলং একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা।’

তিনি বলেন, ‘পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। এখানে পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলা সম্ভব। পাথর উত্তোলনকারীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আজ দেখে গেলাম, পরে আবার আসব। আমরা একটি মহাপরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়ন করতে চাই।’

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘জাফলং ও আশপাশের এলাকার পরিবেশ অবৈধ পাথর উত্তোলনের কারণে ধ্বংস হচ্ছে।’ তিনি জানান, অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হবে। দ্রুত এসব মেশিন সরিয়ে নেয়া হবে।

আরও