জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২৯ নতুন প্রকল্প অনুমোদন

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এসব প্রকল্পের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২৯টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ৬২তম সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

সভায় ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি ও নগর উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে। হাওর এলাকায় কার্বন নির্গমন ও জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন নিয়ে গবেষণা করা হবে। দুগ্ধ উৎপাদন বাড়াতে পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন করা হবে। চারটি হটস্পট এলাকায় উদ্ভিদের বৃদ্ধির ওপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ করা হবে।

এছাড়া কৃষকদের জন্য পেঁয়াজ সংরক্ষণ ও মানসম্মত বীজ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। চর, হাওর ও উপকূলে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো হবে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট শহর এলাকায় জলাধার পুনরুদ্ধার করা হবে। নারায়ণগঞ্জের পাঁচটি খালের তীরে বনায়ন এবং গাজীপুরের লবনদহ খাল সংরক্ষণ করা হবে। জলবায়ুর প্রভাব মোকাবিলায় রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে সৌর বিদ্যুৎচালিত নলকূপ বসানো হবে। বান্দরবানের ক্ষতিগ্রস্ত জনগণের জন্য সুপেয় পানি সরবরাহ করা হবে।

পরিবেশবান্ধব পাটের ব্যাগ সরবরাহ, তাল ও ম্যানগ্রোভ বনায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি বিভিন্ন সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান কাজ করবে। দেশজুড়ে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারাভিযানও চালানো হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি; জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর; পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; সেন্টার ফর এনভায়রনমেন্টাল এবং জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস; বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট; পরিবেশ অধিদফতর;  বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট; জেলা প্রশাসন, ঢাকা; মৎস্য উন্নয়ন করপোরেশন; প্রাণিসম্পদ অধিদফতর; পাট অধিদপ্তর; বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদফতর এবং বন অধিদফতর প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।

সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এসব প্রকল্পের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

আরও