ববি উপাচার্যকে শিক্ষকদের অবাঞ্ছিত ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক সাধারণ সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে আগামী ১১ মে থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে

পদোন্নতির জটিলতা সিন্ডিকেট সভায় নিরসন না হওয়ায় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে ফের পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

রোববার (১০ মে) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ এপ্রিল উপাচার্য, সিন্ডিকেট সদস্য, বরিশাল বিভাগীয় কমিশনার এবং ডিনদের ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্তক্রমে গত ৮ মে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন, নীতিমালা ও চর্চা অনুযায়ী চলমান সব সংকটের সমাধানের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম হঠাৎ করে গত ৮ মে রাত ১০টার দিকে নোটিশ দিয়ে ৯ মে সকাল ১১টায় একটি এজেন্ডাবিহীন জরুরি সিন্ডিকেট সভা করেন। এই সিন্ডিকেট সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুযায়ী চলমান সব সংকটের সমাধানের চেষ্টা না করে এবং অধিকাংশ সম্মানিত সিন্ডিকেট সদস্যের মতামতকে অগ্রাহ্য করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আরও গভীর সংকটে নিপতিত করেছেন।

এ প্রেক্ষিতে রোববার অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক সাধারণ সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে আগামী ১১ মে থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং চলমান ক্লাস ও পরীক্ষাসহ সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে শাটডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও উক্ত সভায় প্রশাসনিক দায়িত্ব থেকে শিক্ষকদের পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে।

আরও