গজারিয়ায় সমাহিত কারিনা কায়সার, কবরের পাশে মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি

কারিনা কায়সারের মরদেহ ভারতের চেন্নাই থেকে ঢাকায় আনা হয় গতকাল সন্ধ্যায়। এর পর দুই দফা জানাজা শেষে তার মরদেহ রাতে ১০টার দিকে নিয়ে যাওয়া হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন ও তৃতীয় দফায় জানাজা অনুষ্ঠিত হয়

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে মা লোপা কায়সার মেয়ের কবরের পাশে মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দেন।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় আজ সকাল সাড়ে ৮টার দিকে কারিনার চতুর্থ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর পর স্বজনদের উপস্থিতিতে নানা বাড়ির কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

কারিনা কায়সারের মরদেহ ভারতের চেন্নাই থেকে ঢাকায় আনা হয় গতকাল সন্ধ্যায়। এর পর দুই দফা জানাজা শেষে তার মরদেহ রাতে ১০টার দিকে নিয়ে যাওয়া হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন ও তৃতীয় দফায় জানাজা অনুষ্ঠিত হয়।

কারিনার মরদেহ আজ সকাল ৭টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে গজারিয়ায় নেয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-এর কারণে কারিনা কায়সারের লিভার কার্যত অচল হয়ে পড়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে তার লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসকরা। কিন্তু হঠাৎ রক্তচাপ কমে গেলে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে নিভে যায় কারিনার প্রাণ প্রদীপ।

এদিন দাফন কার্যক্রম শেষ হওয়ার আগে কারিনার মা লোপা কায়সার স্থানীয় গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেন যেন তার মেয়ের দাফন কাফনের ছবি না নেয়া হয়। মোবাইল জমা রেখে ভেতর যেতে বলেন। এছাড়া মেয়ের কবরের পাশে মসজিদ নির্মাণ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কারিনার ভাই সাদ্দাফ হামিদ বলেন, এ বাড়িটা আম্মু ও কারিনা আপুর অনেক পছন্দের একটা জায়গা। আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আম্মু স্থির হলে আমরা তা বাস্তবায়ন করব আমার বোনের কবরের পাশে।

কারিনার স্মৃতিচারণ করতে গিয়ে স্বজন জুবায়ের জাহাঙ্গীর বলেন, কারিনা ছোট বেলা থেকেই অনেক চঞ্চল, মিশুক ও বিনয়ী ছিলেন। এলাকায় আসলে সবার সঙ্গে মিলেমিশে চলতো। তাকে হারাবার শোক সহজে মেনে নেয়ার মত নয়।

সদ্য প্রয়াত কারিনা কায়সার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া সরকার বাড়ির মৃত ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা. জোহরা খানম পারুলের নাতনী।

আরও