ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতির পর ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৫ অভিযুক্তের বাড়ি-ঘর ভাঙচুর করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ সময় অভিযুক্তদের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা।
স্থানীয় এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রবাসীর বাড়িতে ডাকাতি ও প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে ক্ষোভের সঞ্চার হয়। সেই জেরে অভিযুক্ত শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) এবং এনামুলের (২২) বাড়িতে ভাঙচুর করে এবং টিনের বেড়া ও চাল খুলে নেয় এলাকাবাসী। এ সময় এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের অভিযুক্তদের পরিবারের সদস্য ও ঘরের মালামাল নিরাপদে সরিয়ে নিতে সাহায্য করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং করণীয় ঠিক করতে স্থানীয় লোকজন রোববার ও সোমবার সন্ধ্যায় নিজেদের মধ্যে দুই দফা আলোচনা করে।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন আকন্দ বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের বাড়ি-ঘর ভাঙচুর করেছে।
গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ বলেন, দুপর সাড়ে ১২টার দিকে আমরা খবর পেয়েছি চর কালিবাড়ি এলাকায় এ অভিযুক্তদের বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি শেষে ডাকাতদল প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তার সামনেই তার মাকে (৩৮) সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। এ ঘটনায় ওইদিন রাত ৩টার দিকে রাজিব (২৩) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
গত শুক্রবার রাতে নির্যাতনের শিকার নারী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গফরগাঁও থানায় একটি মামলা করেন।