দ্রুত নির্বাচন হলে সুষ্ঠু হবে না, কলঙ্কে পরিণত হবে —সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘নির্বাচন দ্রুত দিতে হবে—এটা কোনো কথা হতে পারে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘নির্বাচন দ্রুত দিতে হবে—এটা কোনো কথা হতে পারে না। বরং কথা হতে পারে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে। দ্রুত নির্বাচন হলে সেটি সুষ্ঠু হবে না। ওই নির্বাচন অভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। সেটি আমরা আমাদের জায়গা থেকে চাইতে পারি না।’

গতকাল দুপুরে নীলফামারীর ডোমার উপজেলা শহরে জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নীলফামারীর ছয় উপজেলায় এনসিপির পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি ডোমার থেকে শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, সাদিয়া ফারজানা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ।

বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনার ফিরে আসার সুযোগ নেই। যদি ফিরে আসেন, তাহলে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আসবেন।’

বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে এমন কোনো অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথা যেন না বলি। সরকারে যারা আছেন, তারা কেউ সরাসরি কোনো দলের প্রতিনিধি নন। তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে তারা সরকারে জায়গা পেয়েছেন।’

আরও