রাষ্ট্র সংস্কার আন্দোলনকে কেন নিবন্ধন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার (২০ মে) হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে অংশ নেন দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম। তিনি যুক্তি তুলে ধরে বলেন, স্বৈরাচার হাসিনার আমলে আমাদের নিবন্ধন দেয়া হয় নাই, আমরা রাষ্ট্রের সংস্কার চেয়েছি, সরকারবিরোধী আন্দোলন করেছি বলে। অফিসিয়ালি জানানো হয়, আমাদের গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর নির্বাচন কমিশনে আমরা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করি। তখন আমাদের বলা হয়, নির্বাচন কমিশনের আইনে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনার সুযোগ নেই। কিন্তু আমরা দেখেছি আমাদেরই মতো যাদের আবেদন বাতিল করা হয়েছিল, তার মধ্য থেকে দুইটা দলকে পুনর্বিবেচনার মাধ্যমে নিবন্ধন দেয়া হয়েছে।
হাসনাত কাইয়ূম বলেন, আমরা সেটা উল্লেখ করে আমাদের ওপর অবিচার করা হয়েছে মর্মে কোর্টে তার সুরাহা চেয়েছি। এর সঙ্গে পুনর্বিবেচনার যে সুযোগ নাই এটাকে আইনের সীমাবদ্ধতা উল্লেখ করে প্রতিকার চেয়েছি। অবিলম্বে আমাদের আবেদন পুনর্বিবেচনা করে আমাদের নিবন্ধন প্রদানের জন্য রিট করেছি।
তিনি আরো বলেন, আমাদের উত্থাপিত তথ্য, প্রমাণ ও যুক্তি বিবেচনা করে আদালত ২ সপ্তাহের মধ্যে জবাব দেয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।