আগামী ৭২ ঘন্টা তাপপ্রবাহের সতর্কতা, বাড়তে পারে তীব্রতা

পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস এসেছে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে।

দেশজুড়ে অব্যাহত মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মাঝে রাজধানীতেও আজ শুক্রবার (৯ মে) বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী তিনদিনের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস এসেছে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আজ বেলা দুইটায় অধিদপ্তরের পক্ষে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেন। সেখানে বলা হয়, ‘দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। আজ দুপুর দুইটা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাপপ্রবাহ আরো বাড়তে পারে। মৃদু ও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে দেশের কোনো কোনো এলাকায়।’

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা নগরীতে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি আর ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

আরও