বিআরটিসি এবার কোস্টার কেনার পরিকল্পনা করছে

বাণিজ্যিক ভিত্তিতে বাস ও ট্রাক পরিচালনার পাশাপাশি এবার কোস্টার বা ছোট বাস কেনার পরিকল্পনা করছে দেশের রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বাণিজ্যিক ভিত্তিতে বাস ও ট্রাক পরিচালনার পাশাপাশি এবার কোস্টার বা ছোট বাস কেনার পরিকল্পনা করছে দেশের রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মূলত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য স্টাফ বাস পরিষেবা হিসেবে এটি চালু করতে চায় তারা। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ পরিকল্পনা তুলে ধরা হয়।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা সভায় বলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্টাফ বাস সার্ভিস হিসেবে ছোট বাসের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বিআরটিসি এ ধরনের ছোট বাস কেনার পরিকল্পনা করতে যাচ্ছে। এতে প্রকল্প গ্রহণের প্রয়োজন হবে বলে জানান তিনি।

এ বিষয়ে বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকাসহ দেশের বড় বড় শহরে সরকারি-বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর কর্মীদের আনা-নেয়ার ক্ষেত্রে কোস্টার-জাতীয় বাসের ব্যাপক চাহিদা। কিছু প্রতিষ্ঠান নিজেরাই কর্মীদের জন্য কোস্টারের ব্যবস্থা করেছে। তবে এখনো বেশির ভাগ প্রতিষ্ঠান এ ধরনের বাসের ব্যবস্থা করতে পারেনি। বিআরটিসির মতো একটি সরকারি কোম্পানি যদি কোস্টার সার্ভিস চালু করে তাহলে অনেক প্রতিষ্ঠান সেগুলো ব্যবহার করবে। আবার ঢাকাসহ বিভিন্ন শহরের সরু সড়কে অনেক সময় বড় বাস পরিচালনা করা সম্ভব হয় না কিংবা সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এসব এলাকায় বিআরটিসি কোস্টার বাস পরিষেবা দিতে পারবে। সাধারণ মানুষের গণপরিবহনের চাহিদা পূরণের পাশাপাশি এ উদ্যোগের মাধ্যমে বিআরটিসি আর্থিকভাবেও লাভবান হবে বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তারা।

জানতে চাইলে আব্দুল লতিফ মোল্লা বণিক বার্তাকে বলেন, ‘‌কোস্টার কেনার একটি পরিকল্পনা আমরা করছি। এখনো চূড়ান্ত কিছু হয়নি।’

বাসগুলো কেনার জন্য অর্থায়ন কীভাবে হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘‌কতগুলো বাস কিনব এখনো ঠিক করিনি। আবার বিআরটিসির নিজস্ব তহবিলও খুব বেশি সমৃদ্ধ নয়। কোস্টার সংগ্রহের জন্য একটি বড় প্রকল্পের প্রয়োজন হবে। সরকারের নিজস্ব অর্থায়ন কিংবা বিদেশী ঋণের প্রয়োজন হতে পারে। আমরা এখন প্রকল্প তৈরির উদ্যোগ নেব।’ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্টাফ সার্ভিস হিসেবে কোস্টার এবং যেসব জায়গায় বড় বাস চালানো যায় না, সেখানে ছোট এ পরিবহন পরিচালনা করে বিআরটিসির আয় বাড়াতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

বর্তমানে বিআরটিসির বহরে বাস রয়েছে ১ হাজার ৩৫০টি। এর মধ্যে সচল ১ হাজার ১৬৮টি বাস। অন রুটে বাস রয়েছে ১ হাজার ১২৩টি। বিআরটিসিতে ট্রাক আছে ৫০৫টি, যার মধ্যে ৫০৩টি সচল এবং সবই অন রুটে রয়েছে।

যাত্রী, পণ্য পরিবহনসহ বিভিন্ন খাত থেকে ২০২৩-২৪ অর্থবছরে বিআরটিসির আয় হয়েছে ৫৯৪ কোটি টাকা। বিপরীতে একই সময়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ, যানবাহন পরিচালন, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খাতে সংস্থাটির ব্যয় হয়েছে ৫৬৯ কোটি টাকা। সব মিলিয়ে সংস্থাটি ওই অর্থবছরে আয় করেছে ২৫ কোটি টাকার বেশি। গত অর্থবছরের হিসাব এখনো প্রকাশ করা হয়নি।

আরও