জাতীয় সংসদ নির্বাচনই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
শনিবার (৩০ আগস্ট) নেত্রকোণায় জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় বিএনপি নেতা বলেন, যারা বলছেন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দিবে না তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। একমাত্র আল্লাহ ছাড়া এ নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই। যারা পিআর পদ্ধতির কথা বলেন, তাদের বলছি, বাংলাদেশের সংবিধানে পিআর নামে কোনো শব্দ নেই। আপনারা সংবিধানের ৬৫ অনুচ্ছেদের ২ উপ-ধারা দেখুন। নির্বাচন পদ্ধতি এখানে পাবেন।
২৪’র আন্দোলনে নেতৃত্ব দেয়া সব দলকে নির্বাচনের পথে আসার আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান পরিবর্তন ছাড়া যত ধরনের সংস্কার করা যায় অধ্যাদেশের মাধ্যমে করুন। এর অনুমতি দেশের জনগণ আপনাদের দিয়েছে। সংবিধান সংশোধন করবে পরবর্তী নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না। সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়ার কোনো সুযোগ নেই।
আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে গণতন্ত্রের স্বার্থে একটি প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর। আয়োজনের উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল। এছাড়া জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক এডভোকেট ওয়ারেস আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. খুরশেদ মিয়া আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী,জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহিনসহ অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।
বিকালে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে জেলার নতুন নেতৃত্ব নির্বাচিত হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক।