বাগেরহাটে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে শহরের রেলরোডস্থ ড্রিমল্যান্ড সুপার মার্কেটের রুপালী জুয়েলার্স নামের একটি দোকানের দরজা ভেঙে ভেতরে ঢোকে চোররা। পরে দোকানের ভেতরের সিন্দুক খুলে দুর্বৃত্তরা প্রায় ১০০ ভরি স্বর্ণ নিয়ে যায়, যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে দাবি করেছেন দোকান মালিকের ছেলে শোভন দাস।
এদিকে চুরির খবর শুনে সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শঅফিন মাহমুদ, পৌর কাউন্সিলর আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোকান মালিক ভোলানাথ দাস বলেন, রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যাই। সকালে এসে দেখি দোকানের দরজা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখি সিন্দুক ও ডিসপ্লেতে থাকা স্বর্ণ ও স্বর্ণালংকার নেই। আমার তো সব শেষ হয়ে গেল। আমি ব্যাংকের লোন পরিশোধ করব কীভাবে?
শোভন দাস বলেন, দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে প্রথমে সিসি ক্যামেরার কেবল কেটেছে। দুটি সিসি ক্যামেরা ভেঙেও ফেলেছে তারা। চাবি দিয়ে সিন্দুক খুলে স্বর্ণালংকার ও স্বর্ণ নিয়েছে। কিন্তু এ সিন্দুকের চাবি আমার কাছে ছাড়া আর কারো কাছে ছিল না। তারা কোথায় চাবি পেল?
রুপালী জুয়েলার্সে ভোলানাথ দাস ও শোভন দাসের পাশাপাশি আরো চারজন কারিকর অলংকার তৈরির কাজ করতেন।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, চুরির বিষয়টি আমার খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। এরই মধ্যে আমাদের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ আনুষঙ্গিক তদন্ত করে আমরা চোরদের শনাক্ত করব বলে আশা করি।