রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে লাভজনক করতে কর্মকর্তা, প্রকৌশলী ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সবাইকে উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কোনো অশুভ ইচ্ছার কারণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যেন স্থবির হয়ে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
আজ শনিবার গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীন বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের আধুনিকায়িত কারখানার বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, শুধু নিয়ম মেনে অফিসে আসা-যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে কোনো প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব নয়। একটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলে কর্মসংস্থান সৃষ্টি হয়, অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য আসে এবং দেশের অর্থনীতি এগিয়ে যায়।
তিনি বলেন, দেশের মানুষের চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো প্রতিষ্ঠান সফল হওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি তার একটি উদাহরণ। সময় ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটিকে আরো উন্নত করতে হবে। এ ক্ষেত্রে কারখানার প্রকৌশলী ও কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
রিজভী বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মধ্যেও কাজের প্রতি আন্তরিকতা ও উদ্যোগ বাড়াতে হবে। গতানুগতিকভাবে কাজ করলে কোনো প্রতিষ্ঠানই টিকবে না।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চেয়ারম্যান, সচিব কিংবা অন্য কোনো কর্মকর্তা শুধু অফিসে আসা-যাওয়া বা নিজের কর্তৃত্ব দেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রতিষ্ঠান টিকিয়ে রাখা যাবে না। বরং এটিকে মুনাফা অর্জনকারী ও অন্যদের জন্য দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মানেই লোকসান—এমন ধারণা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমানভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানও লাভজনক হতে পারে।
বিএসইসির চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম।