বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নাগরিক সেবাকে আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে সব ধরনের সেবা পর্যায়ক্রমে অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিসিসির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সরাসরি একজন গ্রাহকের আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে অনলাইন সেবার আনুষ্ঠানিক সূচনা করেন।
প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ বলেন, ‘নাগরিক সেবাকে আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে গ্রাহকদের দাপ্তরিক কাজে সিটি কর্পোরেশনে এসে ভোগান্তি পোহাতে হবে না। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামান, পানি সরবরাহ শাখার প্রধান প্রকৌশলী ওমর ফারুখসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।