ঢাবির পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে (জুলাই-ডিসেম্বর) পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://du.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জনতা ব্যাংক টিএসসি শাখায় ১ হাজার টাকা জমার রশিদের মূলকপি, সকল পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি ও সম্প্রতি তোলা ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। একই সঙ্গে গবেষণার একটি রূপরেখা (সিনপসিস) জমা দিতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের পর ভর্তির আবেদন করতে হবে। কোনো তথ্য গোপন বা ভুল তথ্য দিলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

এতে বলা হয়, পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে এমফিল পাস অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ও ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অথবা ৩ বছর মেয়াদি স্নাতক সম্মান ও ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রির অধিকারী হতে হবে। প্রার্থীদের সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ বা শ্রেণীসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সিজিপিএ নিয়মে মাধ্যমিক/সমমান থেকে স্নাতক/স্নাতকোত্তর পর্যন্ত সকল পরীক্ষায় সিজিপিএ ৫-এর মধ্যে ৩.৫ অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। প্রার্থীদের স্বীকৃতমানের জার্নালে প্রকাশিত কমপক্ষে ২টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে অন্তত ১টি গবেষণা প্রকাশনা একক নামে হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৩ বছর মেয়াদি স্নাতক সম্মান এবং ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রার্থীদের স্নাতক পর্যায়ে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত মানের গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য এমফিল-পিএইচডি শাখায় যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও