অবৈধ দখল, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে ভরা পরিবেশ থেকে বেরিয়ে এসে নতুন নান্দনিক রূপ পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর বিশেষ উদ্যোগে দখলমুক্ত করে সেখানে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন সবুজায়ন ও শিল্পসমৃদ্ধ পরিবেশ।
বুধবার দুপুরে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, রাজধানী ঢাকা দেশের মুখমণ্ডল—একে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা সবার দায়িত্ব। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মানসিক স্বস্তি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
প্রশাসক আরো জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় এ পরিবেশ দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা হবে।
হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, যত্রতত্র ব্যবসার কারণে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না, তবে হকারদের প্রতিও মানবিক দৃষ্টিভঙ্গি রাখা হবে। লাইসেন্সের আওতায় এনে নির্দিষ্ট সময় ও স্থানে হকারদের বসার সুযোগ দেয়া হবে। পাশাপাশি ‘হলিডে মার্কেট’ ও ‘নৈশকালীন মার্কেট’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়িত এ পাইলট প্রকল্পের আওতায় মোকাররম ভবন থেকে চানখাঁরপুল পর্যন্ত প্রায় ১ হাজার ৩৫০ ফুট এলাকায় গ্রাফিতি আঁকা হয়েছে। স্থাপন করা হয়েছে ৫৫০টি ফুলের টব ও ৬৫০টি সৌন্দর্যবর্ধক গাছ। এছাড়া রোগীর স্বজনদের জন্য ৫০টি বসার আসন ও পাহাড়ের আদলে দুটি দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের কাজ চলছে।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার বলেন, এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। জনগণের সহযোগিতা পেলে পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য ব্যস্ত ফুটপাতেও এ ধরনের সৌন্দর্যবর্ধন কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।