নাটোরের বড়াইগ্রামে একটি নির্মানাধীন পাওয়ার গ্রিডের নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় লুট হয় পাওয়ার গ্রিডের ৩৬৮টি ব্যাটারিসহ অন্তত দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ। গতকাল রাত ৮টা থেকে ২টায় পর্যন্ত এ ঘটনা ঘটে।
পাওয়ার গ্রিডের সহকারী প্রকৌশলী বাবুল কুমার দাস জানান, নাটোর-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রামের খোর্দ কাছুটিয়া এলাকায় একটি ১৩২ কেভির পাওয়ার গ্রিড স্টেশন নির্মাণ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।
তিনি আরো জানান, ওই স্থাপনায় চায়নাসহ দেশীয় প্রতিষ্ঠানগুলো নির্মাণ কাজ করে আসছে। বুধবার রাত ৮টার দিকে প্রথমে ৫-৬ জন দুর্বৃত্ত পাওয়ার গ্রিডের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা দুজনকে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে আরো ২০-২৫ জন দুর্বৃত্তরা প্রবেশ করে মোট ৬ জন নিরাপত্তা কর্মীকে বেঁধে মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় পাওয়ার গ্রিডের ৩৬৮টি ব্যাটারি, পাওয়ার কেবল, ওয়েল্ডিং মেশিনসহ অন্তত দুই কোটি টাকার যন্ত্রাংশ লুট করে দুর্বুত্তরা। পরে আজ সকালে গ্রিড়ের অন্য কর্মীরা হাত-পা বাধা অবস্থায় দেখে নিরাপত্তা কর্মীদের। এরপর তারা পুলিশে খবর দেয়। বেলা দেড়টার দিকে নাটোর ডিবি পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, এ ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ডাকাতির ঘটনায় মামলা দায়ের করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ।