লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে বাগদা চিংড়ির রেণু ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মো. শিপনের সন্ধান ২৪ ঘণ্টাতেও পাওয়া যায়নি। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।
সোমবার বিকালে কমলনগর উপজেলার নবীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিপন (২২) উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলি কাশেম এলাকার মো. বাবুল মিয়ার ছেলে। প্রায় ১৫ দিন আগে তার বিয়ে হয়েছিল।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শিপন মই জাল দিয়ে চিংড়ির রেণু ধরতে নদীতে যান। একপর্যায়ে জাল ফেলে সাঁতরে সেটি টেনে তোলার চেষ্টা করেন। তখন অসাবধানতাবশত তার পায়ে জালের রশি পেঁচিয়ে যায়। এতে তিনি স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন।
পাশে থাকা অন্য জেলেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত তারা উদ্ধার কাজ চালিয়ে গেলেও শিপনের খুঁজে পাওয়া যায়নি।
শিপনের বন্ধু রাসেল, সোহেল ও মনছুর জানান, কয়েক দিন আগেই শিপনের বিয়ে হয়েছিল। তাকে খুঁজে পেতে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। নদীর পাড়ে শিপনের স্বজনদের আহাজারি চলছে। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা বারবার অসুস্থ হয়ে পড়ছেন।
কমলনগর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জাহিদুল ইসলাম জানান, গতকাল থেকেই উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ যুবককে উদ্ধারে চাঁদপুর থেকে ডুবুরিদের একটি বিশেষ দল আনা হয়েছে। তারাও অভিযানে অংশ নিয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছে।