গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো আজ (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন। তিনি সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন।
এসময় কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন তিনি। এসময় সংশ্লিষ্টরা কিছুক্ষণের জন্য ভুলে যান তারা দেশের প্রধানমন্ত্রীকে এতো কাছাকাছি পেয়েছেন।
এছাড়া, কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপন করে মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ডাকটিকিট উন্মোচন করেন।