কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাংকিং

দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে গাকৃবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস: সাসটেইনেবিলিটি-২০২৬’ শীর্ষক এ র‌্যাংকিং প্রকাশ করা হয়। র‌্যাংকিংয়ে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এছাড়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় ও পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান দখল করেছে বিশ্ববিদ্যালয়টি।

গাকৃবি সূত্রে জানা গেছে, এবারের র‌্যাংকিংয়ে বিশ্বের ১ হাজার ৯৯৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। প্রকাশিত তালিকায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান রয়েছে। এর আগে কিউএসের প্রকাশিত র‌্যাংকিংগুলোতেও গাকৃবির ঈর্ষণীয় অবস্থান ছিল।

সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাংকিং-২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এ অর্জন শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের দিন-রাতের পরিশ্রম, সততা, নিষ্ঠা ও স্বপ্নের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তবে আমরা এখানেই থেমে থাকব না। আমাদের সামনে আরো দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। শিগগিরই দূরদর্শী ও সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে কিউএসসহ আন্তর্জাতিক সব র‌্যাংকিংয়ে বৈশ্বিক পর্যায়ে ১০০-২০০তম এর ভেতরে প্রবেশ এবং দেশের প্রথম স্থানে উঠে আসা—এটাই আমাদের পরবর্তী লক্ষ্য।’

তিনি বলেন, ‘বিশ্বের প্রায় দুই হাজার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায় আজকের এ গৌরবময় অবস্থানে উঠে আসা গাকৃবির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।’

বাংলাদেশ কৃষিনির্ভর দেশ, আর কৃষির ভবিষ্যৎ নির্ভর করছে গবেষণা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের ওপর। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সেই ভবিষ্যৎকে আলোকিত করতে আগের চেয়ে শতগুণে আরো বেশি অঙ্গীকারবদ্ধ।’

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাংকিংয়ে বিভিন্ন ক্যাটাগরিতে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করেছে। একই সঙ্গে উরি র‌্যাংকিং-২০২৫-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি ৭৭তম অবস্থানে রয়েছে, যা জাতীয়ভাবে প্রথম স্থান।

আরও