আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যেসব পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আজ রোববার (২ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার (২ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং সেগুলো বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। মন্ত্রণালয়ের পদক্ষেপগুলো হলো—

  • চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী এবং মাদক ও চোরাকারবারিদের ধরতে গত ৮ ফেব্রুয়ারি সারা দেশে বিশেষ অপারেশন শুরু হয়েছে।
  • পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বাড়ানো ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও পাবলিক প্রসিকিউটরদের অংশগ্রহণে সারা দেশে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
  • পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপপুলিশ কমিশনার, মাঠে নিয়োজিত সেনাবাহিনীর ব্রিগেড প্রধান ও অন্য দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিটি ঘটনায় নেয়া সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করেছেন।
  • রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি-চৌকি বা চেকপোস্ট ও অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনী এসব এলাকায় অভিযান পরিচালনা করছে।
  • রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত টহলের পাশাপাশি নৌবাহিনী এবং কোস্টগার্ডের অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে।
  • ছিনতাইকারী, ডাকাত, কিশোর গ্যাং ও অন্য অপরাধপ্রবণ স্থানগুলোতে সম্মিলিত অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে।
  • থানাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে দ্রুত পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
  • ঢাকা শহরের আশপাশে বিশেষ করে টঙ্গী, বসিলা, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
  • টহলের স্বার্থে ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও কোস্টগার্ড সদস্যদের জন্য মোটরসাইকেল কেনার পদক্ষেপ নেয়া হয়েছে।
  • মিথ্যা, গুজব ও প্রোপাগাণ্ডার বিপরীতে সত্য তথ্য প্রচারে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
  • স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোর ও গভীর রাতে ঝটিকা সফরে থানা, চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং করছেন।
  • স্বরাষ্ট্র উপদেষ্টা এরই মধ্যে দেশের সব প্রশাসনিক বিভাগে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
  • রাজধানীর সব চেকপোস্ট এবং টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিংয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
  • মামলা যাচাই-বাছাই করে প্রকৃত অপরাধী শনাক্তে জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে মনিটরিং কমিটি করা হয়েছে।
  • জুলাই অভ্যুত্থানে নিহত পরিবারের মামলাগুলো নিয়মিতভাবে গুরুত্বের সঙ্গে মনিটরিং করা হচ্ছে যাতে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা যায়।
  • আইনশৃঙ্খলাসংক্রান্ত প্রতিটি ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও