রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ একই পরিবারের আরো ছয়জন আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ৩টার দিকে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা। আহতরা হলেন শিশুটির বাবা নয়ন চাকমা (২৫), মা রেশমি চাকমা (২০), দাদা প্রদীপ চাকমা (৫০), দাদি মায়া রানি চাকমা (৪৫), চাচা জেরিং চাকমা (১৮) ও নিঝুম চাকমা (১৫)।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় পরিবারের সবাই ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বজ্রপাতে পরিবারের সদস্যরা আহত হন। স্থানীয়দের ধারণা, বজ্রপাতে শিশুটি মারা যায়।
সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য দয়াধন চাকমা বলেন, বজ্রপাতের পর আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় আহত হন।
খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপ্পল বাপ্পী চাকমা বলেন, ভোরের দিকে আহত ছয়জন হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে পাঁচজন বাড়ি ফিরে গেছেন। একজন হাসপাতালে ভর্তি আছেন। তবে তার অবস্থাও আশঙ্কামুক্ত।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতের বিকট শব্দে শিশুটির হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, পরিবারের সবাই আহত হয়েছেন। তাদের খোঁজখবর নেয়া হচ্ছে এবং সহযোগিতার চেষ্টা করা হবে।