রাজশাহীর তানোরে প্রায় ৫০ ফুট গভীর গর্তে পড়ে গেছে দুই বছরের শিশু সাজিদ। কীভাবে শিশুটি সেখানে পড়ে গেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে দুপুরের দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে দুপুর ২টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও বিকেল ৫টায় ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও ভেকুর সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা একটার দিকে ঘটনাটি ঘটে। শিশুটির বাবার নাম রাকিব। তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে।
ঘটনাস্থলে শিশু সাজিদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছে। উদ্ধার হওয়ার পরপরই শিশুটিকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি হিসেবে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রাখা হয়েছে। আশপাশে উৎসুক মানুষের ভিড় জমেছে। উদ্ধারকাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সদস্যরাও সেখানে অবস্থান করছেন। সবার চোখ এখন খনন শেষে উদ্ধারকাজের দিকে।
ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, ‘এখন পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। সে বিএমডিএর নলকূপের পাইপের মধ্যে আটকে আছে। স্থানীয়রা পাশে কোদাল দিয়ে মাটি খোঁড়ার সময় কিছু মাটি ভেতরে পড়ে গেছে। আমরা ফায়ার সার্ভিসের তিনটি টিম নিয়ে উদ্ধার কাজ শুরু করেছি। তাকে অক্ষত উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’