আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের ফেনীর ফুলগাজীর গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল চেয়ারম্যানের বাড়িতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, হাসানপুর এলাকায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের বাড়ির চারদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। পাশাপাশি ঘরের মূল ফটকে পুলিশকে অবস্থান নিতে দেখা যায়।
ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ নজরদারির পাশাপাশি বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।