বেতন বৃদ্ধির দাবিতে রাসিক কর্মচারীদের বিক্ষোভ, বন্ধ বিদ্যুৎ সরবরাহ

দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না; বরং বিষয়টি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন সিটি কর্পোরেশনের শ্রমিকরা।

বেতন বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়ে বিক্ষোভ করছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা। সিটি কর্পোরেশনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

বুধবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে তারা কর্মবিরতি পালন করেন।

দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না; বরং বিষয়টি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন সিটি কর্পোরেশনের শ্রমিকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক ৭৫০ টাকা পেলেও তারা পান মাত্র ৪৮৪ টাকা।
তাদের দাবিগুলো হলো- সকল শ্রমিক-কর্মচারীর সর্বনিম্ন মাসিক বেতন ২২,৫০০ টাকা কার্যকর করতে হবে। রাষ্ট্র ঘোষিত দৈনিক ৭৫০ টাকা মজুরি প্রদান করতে হবে। প্রতিবছর নির্ধারিত উৎসব ভাতা প্রদান করতে হবে। বেতন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। শ্রমিকদের অভিযোগ থাকলে তা লিখিতভাবে গ্রহণ ও সমাধান করতে হবে; একই অভিযোগ থাকলে অন্যত্র বদলি করা যাবে, কিন্তু চাকরিচ্যুতির হুমকি দেয়া যাবে না। অবসর গ্রহণের সময় বিদায় সম্মান প্রদান করতে হবে। নিয়োগ বাণিজ্য বন্ধ করে অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে।

বিক্ষোভে সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের অন্তত আড়াই হাজার শ্রমিক অংশ নেন। তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

আরও