মুন্সিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই পক্ষ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পূর্ব বিরোধের জের ধরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কয়েকটি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর এবং লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপাড় ও বিন্দুসার গ্রামবাসীর মধ্যে এ সংঘাতের ঘটনা ঘটে। এতে দুই গ্রামের উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বালি উত্তোলনের ড্রেজার নিয়ে আব্দুল্লাহপুর ইউনিয়নের বিন্দুসার গ্রামের ইকবাল হোসেনের লোকজনের সঙ্গে পুলিন্দারপাড় এলাকার কামাল সাউদের সমর্থকদের বিরোধ রয়েছে। এর জের ধরে বুধবার রাতে হঠাৎ করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হাতে থাকা টর্চলাইট জ্বালিয়ে বিভিন্ন বাড়িতে হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়। পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি আরো জানান, গতকাল সকাল থেকে পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। সেখানে টহল পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও