জাতীয় এ সংসদ নির্বাচনকে দেশের কাজে লাগাতে হবে, অর্থবহ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জটিল মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘এ নির্বাচনের মধ্য দিয়ে যাতে আমরা সত্যিকার অর্থেই একটা কার্যকর, একটা সৃজনশীল, গভর্নমেন্ট তৈরি করতে পারি।’
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ঐতিহাসিক দেবদারুতলায় গতকাল পঞ্চগড়-২ আসনে (বোদা ও দেবীগঞ্জ) বিএনপির প্রার্থী ফরহাদ হোসেনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন যে আমরা দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি। বিএনপির প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। সতেরো শ মানুষ, রাজনৈতিক নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং চব্বিশের জুলাইয়ে প্রায় দুই হাজার ছাত্র-যুবক-তরুণ-শ্রমিক, তাদের হত্যা করা হয়েছে। এত ত্যাগ, এত তিতিক্ষার বিনিময়ে, এত রক্তপাতের বিনিময়ে আমরা কিন্তু একটা সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন পেতে চলেছি।’
জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব বলেন, ‘আজ এ নির্বাচনে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল। প্রথম দিকে তারা বলল যে জুলাই সনদ সম্পূর্ণ পাস না করলে তারা নির্বাচন করবে না। তার পরও দেখেন, তারা ঠিকই নির্বাচনে আসছে। তারপর তারা বলল যে তাদের দাবিদাওয়াগুলো মেনে না নিলে তারা নির্বাচন করবে না। আবার ঠিকই তারা নির্বাচনে এল। এ দল বিশ্বাসযোগ্য নয়। কারণ ১৯৭১ সালে এ দল আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। দলটি পাকিস্তান আন্দোলনেও বিরোধিতা করেছে। তারা এ দেশের মানুষের কল্যাণ চায় না বলেই তখন পাকিস্তানের বিরোধিতা করেছে আর পরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে।’
এবারের নির্বাচন পুরোপুরি একটা রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের কাছে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে? তাহলে তাদের কাছে দায়িত্ব কীভাবে দিতে পারি? আজকে এ দল দেশের বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করার চেষ্টা করছে। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। আমরা কোনোমতেই এ নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না।’