কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরে অরক্ষিত হাউজে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম শামীম (৩)। সে রমনা মডেল ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের সদস্য রুকনুজ্জামান স্বপন।
স্থানীয়দের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের অবহেলায় একই হাউজে আগেও দুটি শিশু পড়ে গিয়েছিল। তখন বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও ওই সময় স্থানীয়রা বন্দর কর্তৃপক্ষকে হাউজটি নিরাপদ করার অনুরোধ জানিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বন্দরের একটি অংশে হাউজটি খোলা অবস্থায় ছিল এবং তাতে পানি জমে ছিল। বৃহস্পতিবার সকালে শিশু শামীম খেলতে খেলতে ওই স্থানে গেলে অসাবধানতাবশত হাউজে পড়ে যায়। কিছু সময় পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির বলেন, ঘটনার পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।