বরিশালে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় সোমবার সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামারবাড়ি চত্বরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মেলার উদ্বোধন করেন।
সুস্থ জীবনধারণ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় কৃষির ভূমিকা অপরিসীম উল্লেখ করে সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, ‘ফরমালিন ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে নিজেদের কৃষিপণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। সবজি চাষের সনাতন পদ্ধতির পাশাপাশি এখন অনেকেই বাড়ির ছাদে শাক-সবজি চাষ করছেন। কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড চালুর পাশাপাশি কৃষি ঋণ মওকুফ করেছে।’
আধুনিক প্রযুক্তি কৃষিতে বিপ্লব এনেছে উল্লেখ করে তিনি বলেন, ‘উন্নতমানের কৃষিযন্ত্র ব্যবহার করে ফসল উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস এবং সময় সাশ্রয় হচ্ছে। উচ্চ ফলনশীল ও সংকর জাতের বীজ ব্যবহারের ফলে ধান, ডাল, তেল ও মসলাজাতীয় ফসলের উৎপাদন কয়েকগুণ বেড়েছে। ই-কৃষির মাধ্যমে কৃষকেরা আবহাওয়ার পূর্বাভাস, রোগবালাই ও বাজারদর সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাচ্ছেন। এ ধরনের মেলার প্রচার এবং সময়কাল আরও দীর্ঘ করা গেলে প্রান্তিক পর্যায়ের কৃষকরা প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আরও অবগত হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের উপপরিচালক মোসাম্মত মরিয়ম; বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশিক ইকবাল খান; অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম; অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. মামুনুর রহমান; বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক এবং বিনা উপকেন্দ্র, বরিশালের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সায়েমা খাতুন। উপজেলা কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের মেলা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আগ্রহী করে তুলবে এবং টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতেও এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরে ১৩টি স্টল স্থাপন করা হয়েছে। এতে ছাদ বাগান, পুকুরপাড়ে কৃষি পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিসহ বিভিন্ন প্রজাতির ফসল প্রদর্শন করা হচ্ছে। মেলা ৩–৫ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।