টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সকালে পানি আনতে ঘরের পাশে নলকূপে যান কাজলী বেগম। সেখানে একটি সাপ তার বাঁ হাতে ছোবল দেয়।

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে কাজলী বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১০টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত কাজলী বেগম ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

কাজলী বেগমের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে পানি আনতে ঘরের পাশে নলকূপে যান কাজলী বেগম। সেখানে একটি সাপ তার বাঁ হাতে ছোবল দেয়। এতে তার দুই আঙুলে বিষধর সাপের দাঁতের চিহ্ন বসে যায়। এ সময় তিনি চিৎকার করে বিষয়টি ছেলেকে জানালে ঘণ্টা দেড়েকের মধ্যে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছেলে হোসেন আলী বলেন, ‘মা পানি আনতে গিয়েছিল। চিৎকার শুনে দৌড়ে গিয়ে আমি সাপ দেখতে পারি নাই। হাতে চিহ্ন দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। তারপরও মাকে বাঁচাতে পারলাম না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই বৃদ্ধা মারা গেছেন। বাঁ হাতের আঙুলে সাপে দংশনের চিহ্ন রয়েছে । ক্ষতচিহ্ন দেখে বিষধর সাপের কামড় বলেই মনে হচ্ছে। বিষয়টি থানায় অবগত করে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।

আরও