ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে গরুর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফেনীর রামপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মামুনুর রহমান (৪৬)। তিনি ফেনী শহরের শাহীন একাডেমী এলাকার আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে লালপোল থেকে মোটরসাইকেলে মহিপালের দিকে যাচ্ছিলেন মামুন। এ সময় পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় হঠাৎ একটি গরু মহাসড়কের উঠে আসে। মামুনের মোটরসাইকেলটি গরুর সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস এসে মামুনকে চাপা দেয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।