স্বরাষ্ট্রমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূতের বৈঠকে রোহিঙ্গাদের পাসপোর্ট নিয়ে বিশেষ গুরুত্ব

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা, বিনিয়োগ ও সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে রাষ্ট্রমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা, বিনিয়োগ ও সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ। দেশটির সঙ্গে বাংলাদেশের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। জনশক্তি রফতানির পাশাপাশি বাংলাদেশের জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

জবাবে রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে মন্ত্রীকে একটি প্রতিনিধিদলসহ সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। জুলাই মাসের শুরুতে এ সফর হতে পারে বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন মন্ত্রী।

এ সময় সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু নিয়ে রাষ্ট্রদূত আলোচনা করেন এবং প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় নথিপত্র যাচাই শেষে এরই মধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেয়া হয়েছে। কাজটি ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে একটি বিশেষ দল পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, পাসপোর্ট দেয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।

মন্ত্রী নির্দেশ দেন, যেসব মিয়ানমার নাগরিকের কাছে বাংলাদেশের নথিপত্র রয়েছে এবং যারা শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট দিতে হবে। সৌদি আরবের কাছ থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাই করার জন্যও তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিনিয়োগ ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও