কুড়িগ্রামে তিস্তা নদীর স্পার বাঁধে ধস

তিস্তার বাম তীর রক্ষায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরায় বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

তিস্তার বাম তীর রক্ষায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরায় বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধে ধস দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, তিস্তার পানির স্রোতে বাঁধের প্রায় ৫০ মিটার  ডেবে গেছে। এ অবস্থায় বাঁধটি দ্রুত মেরামত করা না হলে ধীরে ধীরে পুরোটাই ধসে যাবে। আগামীতে এ এলাকা ভাঙনের কবলে পড়বে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধের ধস ঠেকাতে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেয়া হয়েছে।

পাউবো সূত্রে জানা গেছে, চর বজরায় ২০১৫-১৬ অর্থবছরে ৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে তিস্তা নদীর বাম তীর রক্ষায় ২০০ মিটার স্পার বাঁধ নির্মাণ করা হয়। ২০১৬ সালের নভেম্বরে নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের জুনে কাজ শেষ হলে তা ধীরে ধীরে বিনোদন কেন্দ্রে পরিণত হয়।

বজরার বাসিন্দা আইয়ুব আলী জানান, বাঁধটি নির্মাণ করায় ভাঙন থেকে রক্ষা পেয়েছে এখানকার অনেক পরিবার। বাঁধে ধস দেখা দেয়ায় তারা নতুন করে আতঙ্কে ভুগছেন। যদি বাঁধটি ধসে যায় তাহলে এলাকাবাসী নদীভাঙন ও বন্যায় নিঃস্ব হয়ে যাবে।’

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বণিক বার্তাকে বলেন, ‘বাঁধটি ধসে যাওয়ার খবর শুনেছি। ভাঙনকবলিত স্থানটি পরিদর্শনও করেছি। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করা হবে।’

আরও