বাণিজ্য উপদেষ্টা

দেশের অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল

শেখ বশিরউদ্দীন বলেন, ব্যাংকিং খাত ও অবকাঠামো নির্মাণে দুর্বৃত্তায়ন হয়েছে, যা অর্থনীতির স্থিতিশীলতার জন্য হুমকি।

দেশের অর্থনীতির বিভিন্ন খাতে দুর্বৃত্তায়ন হয়েছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচার অর্থনীতির জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। অর্থনীতিকে সুসংগঠিত করতে রফতানি পণ্যের বৈচিত্র্যকরণ ও শ্রমিকদের দক্ষতা বাড়ানো জরুরি।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্কফোর্সের সুপারিশ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের প্রথম সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ব্যাংকিং খাত ও অবকাঠামো নির্মাণে দুর্বৃত্তায়ন হয়েছে, যা অর্থনীতির স্থিতিশীলতার জন্য হুমকি। তিনি আরো বলেন, আমাদের বেশিরভাগ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয়। তাই উৎপাদন ব্যয় কমানো, শ্রম উৎপাদনশীলতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে রফতানি বাজার সম্প্রসারণ করতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ও অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্সের চেয়ারম্যান কে এ এস মুরশিদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ও বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর।

আরও