রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড়। যেখানে প্রতিদিনের ব্যস্ততার সঙ্গে মিশে থাকে বই, সংস্কৃতি আর মানুষের চলাচল, সেখানেই ভালোবাসা দিবসকে ঘিরে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি সামনে রেখে গতকাল থেকেই শাহবাগের ফুলের দোকানগুলোয় যুগলদের ভিড় চোখে পড়ার মতো। লাল গোলাপ হাতে নিয়ে অনেকে অপেক্ষা করছেন প্রিয়জনের জন্য, আবার কেউবা দরদাম করে কিনে নিচ্ছেন ভালোবাসার প্রতীক।
শাহবাগ মোড়ের ফুটপাতজুড়ে সারি সারি অস্থায়ী ফুলের দোকান। রঙিন কাগজে মোড়ানো গোলাপ, টিউলিপ, গ্লাডিওলাস আর নানা রঙের জারবারা ফুলে ভরে ওঠেছে চারপাশ। বিক্রেতাদের হাঁকডাকে আর ক্রেতাদের কোলাহলে এলাকা যেন এক উৎসবমুখর প্রাঙ্গণে পরিণত হয়েছে। তবে এই উৎসবের রঙে একটু কাঁটা হয়ে দাঁড়িয়েছে ফুলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।
যে লাল গোলাপ সাধারণ দিনে ২০ টাকায় পাওয়া যায়, ভালোবাসা দিবসের আগের দিন সেটির দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ থেকে ৭০ টাকা। অনেক ক্ষেত্রে একেকটি গোলাপের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। একই চিত্র দেখা যাচ্ছে অন্যান্য ফুলের ক্ষেত্রেও। ফুল বিক্রেতারা বলছেন, চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণেই খুচরা বাজারে এই উল্লম্ফন।
শাহবাগের এক ফুল বিক্রেতা জানান, এই সময়টায় চাহিদা অনেক বেশি থাকে। ভোর থেকেই পাইকারি বাজারে দাম বাড়তি থাকে। তাদেরও বেশি দামে কিনতে হয়, তাই বিক্রিও বেশি দামে করতে হচ্ছে। তিনি আরো বলেন, ভালোবাসা দিবস ঘিরে তাদের বছরের সবচেয়ে বড় ব্যবসা হয় এই কয়েক দিনে।
দাম বাড়লেও ক্রেতাদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণী থেকে শুরু করে কর্মজীবী মানুষ সবাই যেন প্রিয়জনকে একটি ফুল উপহার দিতে ব্যস্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব বলেন, ‘দাম বেশি হলেও এই দিনটায় প্রিয় মানুষকে ফুল না দিলে যেন ভালোবাসাটা ঠিক প্রকাশ পায় না। তাই একটু বেশি দাম হলেও কিনছি।‘
এদিকে অনেকেই আবার ফুলের পাশাপাশি ছোট উপহার, কার্ড বা চকলেটও কিনছেন। শাহবাগ এলাকায় ঘুরে দেখা যায়, ফুলের দোকানের পাশেই গড়ে উঠেছে উপহারসামগ্রীর ছোট ছোট স্টল। সেখানেও ভিড় কম নয়। বিক্রেতারা বলছেন, ফুলের সঙ্গে মিলিয়ে উপহার কিনছেন অধিকাংশ ক্রেতা।
বিশ্লেষকরা বলছেন, ভালোবাসা দিবসকে ঘিরে এ ধরনের মৌসুমি বাজারচাহিদা রাজধানীর খুচরা অর্থনীতিতে একটি স্বতন্ত্র গতি সৃষ্টি করে। কয়েক দিনের জন্য হলেও ফুলচাষি, পাইকারি বিক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের আয়ের বড় একটি সুযোগ তৈরি হয়। একই সঙ্গে শহুরে সংস্কৃতিতে ভালোবাসা দিবসের সামাজিক গুরুত্বও এই কেনাকাটার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে।
সব মিলিয়ে, আকাশছোঁয়া দাম আর জনস্রোতের ভিড়ে শাহবাগ এখন ভালোবাসার এক অস্থায়ী বাজার। অর্থের হিসাব-নিকাশকে পাশ কাটিয়ে, একগুচ্ছ ফুলের ভেতর দিয়েই যেন মানুষ খুঁজে নিচ্ছে ভালোবাসার প্রকাশ যেখানে দামের চেয়ে অনুভূতির মূল্যই বড় হয়ে ওঠে।